ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি: বেরোবি ভিসি

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি: বেরোবি ভিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজারের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা দিতে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক এক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ‘ক্যারিয়ার হাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একইসঙ্গে চাকরির বাজারে নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও সক্ষমতা প্রত্যাশা করেন, সে বিষয়েও শিক্ষার্থীদের জানতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে এবং নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নিয়মিত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং পরিবর্তিত চাকরির বাজারের চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল এবং ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’-এর প্রেক্ষাপট তুলে ধরে ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, “ব্র্যাকের ক্যারিয়ার হাব একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’, যেখানে দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা এক প্ল্যাটফর্মে দেওয়া হয়। ২০২০ সালে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি করে। ক্যারিয়ার হাবের লক্ষ্য হলো তরুণদের ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ এবং নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপনে সরাসরি সহায়তা করা।”

তিনি বলেন, “প্রথমেই চাকরির বাজারের চাহিদার ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই ও নিবন্ধন করা হয় এবং ‘ক্যারিয়ার চ্যাট’ ও প্রাথমিক মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা, প্রস্তুতি ও প্রয়োজন সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হয়। যাঁরা চাকরির জন্য প্রস্তুত, তাঁদের সরাসরি কর্মসংস্থানের বিভিন্ন সুযোগের সঙ্গে যুক্ত করা হয়। আর যাঁদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন, তাঁদের জন্য কাস্টমাইজড প্ল্যান তৈরি করে ক্যারিয়ার কাউন্সেলরদের মাধ্যমে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আবার মূল্যায়ন করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয়।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ব্যাখ্যা করে ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, “দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী এবং উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৬ শতাংশ স্নাতক এখনো কর্মসংস্থানের বাইরে রয়েছেন। এ প্রেক্ষাপটে তরুণদের দক্ষতা উন্নয়ন, কার্যকর ক্যারিয়ার নির্দেশনা এবং শ্রমবাজারের সঙ্গে সংযোগ জোরদার করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

তিনি বলেন, “প্রতিবছর দেশের লাখো তরুণ উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থানের বাজারে প্রবেশ করেন। তবে শিক্ষা থেকে কর্মজীবনে উত্তরণের এ পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা, শ্রমবাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য এবং কার্যকর ক্যারিয়ার নির্দেশনার অভাবে অনেকেই কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। অন্যদিকে বিভিন্ন খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানও তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ মানবসম্পদ খুঁজে পেতে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়।”

“কর্মজীবনে সফলভাবে প্রবেশের জন্য সঠিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। ব্র্যাক ক্যারিয়ার হাব তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার নির্দেশনা এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে।”

এ প্রেক্ষাপটে বেরোবির মতো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্যারিয়ার সেশন শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেরোবি ভিসি,মূল চাবিকাঠি,দক্ষতা,ডিগ্রি নয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত