ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রীর যন্ত্রণায় আবেগী বিক্রান্ত

স্ত্রীর যন্ত্রণায় আবেগী বিক্রান্ত

২০২৪ সালে বাবা-মা হয়েছেন ভারতীয় অভিনেতা বিক্রান্ত মাসেই ও তার স্ত্রী শীতল ঠাকুর। ছেলে বরদানকে কেন্দ্র করে এখন তাদের জীবনে নতুন আনন্দের উচ্ছ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন 'টুয়েলফথ ফেল'–খ্যাত এই বলিউড তারকা।

সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, বাবা সন্তানের সঙ্গে যতই আবেগে যুক্ত থাকুক না কেন, একজন মায়ের ভূমিকা কখনোই তুলনাহীন। এই উপলব্ধি তার আরও গভীর হয়েছে যখন তিনি নিজের স্ত্রী শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছেন।

আবেগপ্রবণ হয়ে বিক্রান্ত বলেন—“আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। গর্ভাবস্থায় প্রতিদিন তার পেট বড় হতে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টার প্রসবযন্ত্রণা… সত্যিই মেয়েরা অনেক কিছু সহ্য করে।”

বিক্রান্ত আরও জানান, তিনি সব সময়ই একটি সুন্দর পরিবার গড়ার স্বপ্ন দেখতেন। আর শীতলের সঙ্গে পরিচয়ের পর সেই স্বপ্নই বাস্তবে রূপ নিতে শুরু করে। সঠিক সঙ্গী পাওয়ার পর তার জীবনে কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুরের পরিচয় ২০১৫ সালে। দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে—১৫ ফেব্রুয়ারি তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তিন দিন পর সম্পন্ন হয় সামাজিক বিয়ের সব আনুষ্ঠানিকতা। তারপর থেকেই এই জুটি বলিউডের অন্যতম আলোচিত দম্পতি।

বিক্রান্ত,আবেগী,যন্ত্রণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত