অনলাইন সংস্করণ
১৪:২০, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মধ্যেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির যন্ত্রণায় অতিষ্ঠ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দিলেন হুঁশিয়ারি। ফেসবুকে মৌয়ের নামে একাধিক আইডি রয়েছে। যা নেটিজেনদের বিভ্রান্ত করছে। পাশাপাশি ওইসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি তার। এতে ক্ষুব্ধ মডেল জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি- এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া- এসব আইনত অপরাধ।’