
ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন মাত্রা যোগ করতে আসছেন বলিউডের পরিচিত মুখ রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। ছবির নাম ‘জয়িতা’। মানবিক মূল্যবোধ আর সম্পর্কের গভীর টানাপড়েন নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।
বর্তমানে কলকাতায় এই ছবির শুটিং পুরোদমে চলছে। নাম ভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়। ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে কেন্দ্র করে। জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা বুঝতে পারেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং চরম একাকিত্ব। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে পরিবর্তন আনেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি। সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’ কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও।