অনলাইন সংস্করণ
১১:৩০, ০৭ মার্চ, ২০২৬
প্রকাশ পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এর টিজার। তানিম নূর পরিচালিত বহুল আলোচিত এই চলচ্চিত্রের অফিশিয়াল টিজার ৪ মার্চ রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেয়া হয়। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে টিজারটি। চলচ্চিত্রটি আগামী রোজার ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে ২০০৭ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন বিকালের আবহ। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া সেই বনলতা এক্সপ্রেসের ভেতরের এক খণ্ড চিত্র। যা দর্শকদের নস্টালজিক করে তুলেছে। টিজারটিতে জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর সেই মায়াবী আবেশ এবং রহস্যের এক দারুণ সংমিশ্রণ দেখা গেছে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন, কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান সবাই হলেন এই ট্রেনের যাত্রী। সবার গন্তব্য এক হলেও এই ট্রেনযাত্রা তাদের প্রত্যেকের জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেয়।
‘বনলতা এক্সপ্রেস’-এর কাস্টিং নিয়ে আলোচনা ছিল শুরু থেকেই। কেননা এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শামীমা নাজনীন, ত্রিধা পাল মান , একে আজাদ সেতু, সিফাত রহমান, তামিম করিম, লাবণ্য চৌধুরী, সাবরিনা আজাদ, আরেফিন জিলানীসহ আরও অনেক।
ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ। টিজারটি বর্তমানে হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিনেমাটির গান ও ট্রেলার শিগগিরই পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।