অনলাইন সংস্করণ
১৪:৪০, ২৪ এপ্রিল, ২০২৬
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ের পর বা মা হওয়ার সময় অনেক অভিনেত্রীই কাজ থেকে বিরতি নেন। তবে সেই প্রচলিত ধারা ভেঙে দিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি ক্যামেরার সামনে কাজ চালিয়ে গেছেন।
সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
নেহা বলেন, তিনি সবসময় কাজ চালিয়ে যেতে চেয়েছেন। গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত তিনি শুটিং করেছেন। যশরাজ স্টুডিওতে কাজ করার সময় তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হলেও তিনি কাজ থামাননি।
তিনি আরও জানান, মা হওয়ার পর একজন নারীর জীবন থেমে যাওয়া উচিত নয়। তার মতে, সন্তান জন্মের পরও একজন নারী যেন নিজের ইচ্ছেমতো কাজ চালিয়ে যেতে পারেন এবং জীবন খুব বেশি বদলে না যায়।
উল্লেখ্য, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ নামের সিনেমায় অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। বিশেষ বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন, ফলে বাস্তব জীবন ও পর্দার চরিত্র একসঙ্গে মিলে যায়।
২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে দিল্লির একটি গুরুদ্বারে ঘরোয়া আয়োজনে তার বিয়ে হয়। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান মেহের ধুপিয়া বেদির জন্ম হয়। পরে ২০২১ সালে তাদের ঘরে আসে দ্বিতীয় সন্তান, পুত্র গুরিক সিং ধুপিয়া বেদি।