অনলাইন সংস্করণ
১৬:২৩, ০৮ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ব্যক্তিগত জীবন নিয়ে কঠিন সময় পার করছেন। বিচ্ছেদ এবং সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ের কারণে বর্তমানে আলোচনায় রয়েছেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, আদালতের আশ্বাস থাকার পরও তাকে সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেন সেলিনা। সেখানে অস্ট্রিয়ায় নিজের প্রয়াত সন্তানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
সেলিনা জানান, বিচ্ছেদ সংক্রান্ত শুনানির জন্য তিনি অস্ট্রিয়ায় অবস্থান করছেন। তবে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিন সন্তানের মধ্যে কেবল সেই ছেলের কাছেই যেতে পেরেছেন, যে ইতোমধ্যে মারা গেছে।
অভিনেত্রী বলেন, একজন মায়ের জন্য সন্তানদের থেকে দূরে থাকা সবচেয়ে বড় কষ্টের বিষয়।
সেলিনা আরও দাবি করেন, স্বামীর পেশাগত কারণে তিনি ভারত, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে বসবাস করেছেন। পরিবার ও নিজের কর্মজীবন ছেড়ে সন্তানদের বড় করার দায়িত্বও মূলত তাকেই পালন করতে হয়েছে বলে জানান তিনি।
অভিনেত্রীর অভিযোগ, অস্ট্রিয়ার পারিবারিক আদালত যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দিলেও বাস্তবে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে।
পাশাপাশি সন্তানদের তার বিরুদ্ধে বিভ্রান্ত ও মানসিকভাবে প্রভাবিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সূত্র: বলিউড শাদিস