অনলাইন সংস্করণ
১২:৪৩, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নেপালের মেয়ে মনীষা কৈরালা। তার অনুরোধ দুর্যোগের খবর দেখে যেন পুরো নেপালকে পর্যটনের জন্য বর্জন না করা হয়। বরং নিরাপদ এলাকাগুলোতে ভ্রমণ করে দেশটির পর্যটন ও অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করুন।
কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত 'ইন সলিডারিটি উইথ নেপাল' অনুষ্ঠানে রোববার (৩০ আগস্ট) বক্তব্য দিতে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এই আহ্বান জানান মনীষা। অভিনেত্রী বলেন, নেপালের প্রতি বিশ্বের মানুষের যে ভালোবাসা ও সমর্থন রয়েছে, তা এখন আরও বেশি প্রয়োজন। তবে সেই সমর্থন শুধু সহানুভূতিতে সীমাবদ্ধ না রেখে নেপালের পর্যটন খাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন আপনারা বারবার নেপালের প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। একটি দেশ হিসেবে আমাদের প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। দুর্যোগের কারণে নেপালকে শুধু সংকট ও বিপর্যয়ের দেশ হিসেবে দেখার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। মনীষা বলেন, আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা ভ্রমণ করুন।
নেপাল-তিব্বত সীমান্তের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগের কথা স্বীকার করে তিনি বলেন, সীমান্তবর্তী কিছু এলাকায় পরিস্থিতি অত্যন্ত কঠিন হলেও দেশের সব জায়গা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তাই নেপালের অন্যান্য অঞ্চলের পর্যটন কার্যক্রম চালু রাখা জরুরি। মনীষা বলেন, হ্যাঁ, তিব্বত ও নেপাল সীমান্তে দুর্যোগ হয়েছে। কিন্তু পর্যটনই আমাদের প্রাণ। এটা মনে রাখতে হবে। দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন।
নেপালের পরিচয় কীভাবে বিশ্বের সামনে তুলে ধরা উচিত, সেটিও স্পষ্ট করেছেন মনীষা। তার মতে, দুর্যোগের খবরের আড়ালে হারিয়ে যাওয়া উচিত নয় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য। তিনি বলেন, আমরা চাই না, এমন একটি দেশ হিসেবে পরিচিত হতে যেখানে সব সময় সমস্যা লেগেই থাকে। আমরা চাই আমাদের পরিচিতি হোক সুন্দর আবহাওয়া, শক্তিশালী হিমালয়, চমৎকার মানুষ, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য। আন্তর্জাতিক পর্যটকদের উদ্দেশে মনীষা বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে নেপাল ভ্রমণে উৎসাহিত করছি।