অনলাইন সংস্করণ
১৪:৪৪, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
লোনাভালায় তাদের পুরনো বাড়িতে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল এসেছে। এমনকি, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে দাবি তার। বিদ্যুৎ বিল নিয়ে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন বলিউড তারকা কাজলের বোন অভিনেত্রী তনিশা।
বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ক্ষোভের কথা জানান তনিশা। তিনি দাবি করেন, লোনাভালায় বিদ্যুৎ বোর্ড বিপুল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করে গ্রাহকদের বিল পরিশোধে চাপ তৈরি করছে।
তনিশা লেখেন, লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ‘মাফিয়ার মতো’ আচরণ করছে। তার দাবি, নির্ধারিত বিল পরিশোধের শেষ তারিখ আসার আগেই শনিবার সন্ধ্যায় তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তার অভিযোগ, এভাবে গ্রাহকদের ওপর অর্থ পরিশোধের জন্য চাপ তৈরি করা হচ্ছে।
পরে তনিশা তার পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। লোনাভালায় নিয়মকানুন মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তনিশার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। এক ব্যবহারকারী বিল পরিশোধ নিয়ে প্রশ্ন তুললে অভিনেত্রী জানান, তার আপত্তি বিল পরিশোধে দেরি করা নিয়ে নয়; বরং নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং যাচাই না হওয়া বিল পরিশোধে চাপ দেওয়ার বিষয়টি নিয়ে।
লোনাভালার বাড়িটি তনিশার পরিবারের কাছে বিশেষ আবেগের জায়গা। এটি তার দিদিমা তথা প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের পুরোনো বাড়ি। তনিশা এর আগে জানিয়েছিলেন, তার মা তনুজা এবং তার নিজের শৈশবেরও একটি বড় অংশ কেটেছে এই বাড়িতে। সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন তিনি।
তবে তনিশার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।