অনলাইন সংস্করণ
১১:৩৮, ১৩ অক্টোবর, ২০২৬
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি অর্জন করা অভিনেতা ও সমাজসেবক আরজে মেটি আর নেই। মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিপলকে তাঁর প্রতিনিধি দল নিশ্চিত করেছে, গত সোমবার টেক্সাসের ব্রাউনসভিলে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
‘দ্য হলিউড রিপোর্টার’ ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধিরা। গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের জন্য লড়াই করা আরজে মেটির মর্মান্তিক প্রয়াণ ঘটেছে।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগে, গত ৩০ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের ফাইন আর্টস থিয়েটারে ‘টকিং টু স্ট্র্যানজার্স’ সিনেমার একটি স্ক্রিনিংয়ে তাঁকে দেখা গিয়েছিল।
ব্রাউনসভিল পুলিশ বিভাগ ‘পিপল’ ম্যাগাজিনকে জানিয়েছে, গত সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে একটি জরুরি কল পেয়ে পুলিশ অভিনেতার বাড়িতে পৌছায়। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আকস্মিক প্রয়াণে হলিউডসহ অনুরাগীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজের টানা পাঁচটি সিজনে নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আরজে মেটি। পর্দার চরিত্রের মতো বাস্তব জীবনেও সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছিলেন তিনি। তবে নিজের শারীরিক সীমাবদ্ধতাকে কখনও বাধা হতে দেননি। বরং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় নিজেকে উজার করে দিয়েছিলেন।
ইউনাইটেড সেরিব্রাল পলসি, শ্রাইনার্স চিলড্রেনস এবং ‘দ্য মেটি ফাউন্ডেশন’-এর প্রধান হিসেবে সারা বিশ্বে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে লড়াই করেছেন।