অনলাইন সংস্করণ
১৬:৫০, ১২ অক্টোবর, ২০২৬
বিভিন্ন সময় নায়িকাদের স্ক্রিন শেয়ার করতে দেখা গেলেও পর্দার বাইরে রেষারেষির গল্পও শোনা যায়। অনেকের মতে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। বলিউড অভিনেত্রী রানী মুখার্জিও মনে করেন, দুইজন নায়িকার মধ্যে কখনও বন্ধুত্ব হতে পারে না।
পরিচালক ও প্রযোজক করণ জোহরের শো কফি উইথ করণে একবার নায়িকাদের বন্ধুত্বের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রানীকে। সে সময় তিনি সোজাসুজি জানিয়েছিলেন, পেশাগত ক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে খুব বেশি গভীর বা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। রানীর এই মন্তব্য সে সময় বেশ শোরগোল ফেলেছিল।
আজকাল পর্দায় নিয়মিত নন রানী। গেল জানুয়ারিতে তাকে দেখা গেছে ‘মার্দানি ৩’ ছবিতে পুলিশ অফিসার এসিপি শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। এতে রানীর ভূমিকা বেশ প্রশংসিত হয়েছিল। খোদ শাহরুখ খানও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
মাস কয়েক আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি ‘ডক্টর অব লেটারস’ ডিগ্রি প্রদান করে রানীকে। অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যক্ত রানী। বিশেষ করে নারী, শিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অবদান অনস্বীকার্য। সে কাজের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয় লা ট্রোব ইউনিভার্সিটি।