ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে সরে গেছেন। গেল তিন বছর আমেরিকায় বসবাস করছেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাসের আইনি স্বীকৃতি বা গ্রিন কার্ড পেয়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার ফলে এখন থেকে দেশটিতে স্থায়ীভাবে বসবাস এবং আইনগতভাবে কাজ করার পূর্ণ অধিকার অর্জন করলেন তিনি। শুধু তাই নয়, নির্দিষ্ট নিয়ম ও মেয়াদ পূর্তির পর চাইলে তিনি মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন।

১৯৯০ সালে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ বিজয়ী হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এরপর ছোটপর্দার কাজ ও বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পান। ১৯৯৩ সালে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন মৌসুমী। এর মধ্যে— অন্তরে অন্তরে, দোলা, স্নেহ, বিশ্ব প্রেমিক, আত্ম অহংকার, আম্মাজান, মেঘলা আকাশ, দেবদাস, মোল্লা বাড়ির বউ, প্রজাপতি অন্যতম। তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯৬ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ব্য্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সংসারে ফারদিন এহসান স্বাধীন (ছেলে) ও ফাইজা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

মৌসুমী,চিত্রনায়িকা,গ্রিন কার্ড,যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত