অনলাইন সংস্করণ
২০:২৯, ২১ অক্টোবর, ২০২৬
বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের বিষাদ নিয়েও সিঁদুরখেলায় মেতে উঠলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। লাল পাড়ের সাদা শাড়ি, লাল ব্লাউজ আর সোনার গয়নায় সাবেকি সাজে ধরা দিলেন তিনি। ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির দুর্গাপূজায় পরিবারের সঙ্গে দেবীবরণ ও সিঁদুরখেলার রীতিতে অংশ নেন অভিনেত্রী।
মল্লিকবাড়ির দুর্গাপূজা মানেই ঐতিহ্য আর পারিবারিক আবহের মেলবন্ধন। প্রতি বছরের মতো এবারও পুজোর নানা আচার-অনুষ্ঠানে সক্রিয় ছিলেন বাড়ির মেয়ে কোয়েল। দশমীতে দেবীকে বরণ করে বিদায় জানানোর পর পরিবারের অন্য মহিলাদের সঙ্গে সিঁদুরখেলায় মেতে ওঠেন তিনি।
এদিন কোয়েলের সাজেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ়, খোঁপায় বাঁধা চুল আর ছিমছাম সোনার গয়নায় নজর কাড়েন অভিনেত্রী। উৎসবের সাজে ধরা দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ার শুভেচ্ছাও জানান তিনি।
একটি ভিডিওতে কোয়েল বলেন, ‘আজ যদিও মনখারাপের পালা। কিন্তু নিজেদের সান্ত্বনা দিয়ে বলব, আসছে বছর আবার হবে! শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভাল ও আনন্দে থাকবেন। অন্যদেরও আনন্দে রাখবেন।’
পুজোর প্রথম দিন থেকেই মল্লিকবাড়ির নানা আয়োজনে দেখা গেছে কোয়েলকে। অষ্টমীতে অঞ্জলি ও পুজোর বিভিন্ন রীতিতে অংশ নেওয়ার পাশাপাশি তার সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিংহ রানে এবং দুই সন্তান কবীর ও কাব্যা। পরিবারের প্রবীণ সদস্য রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীকেও পুজোর আয়োজনে দেখা যায়।
দশমীতেও পরিবারের সদস্যদের সঙ্গে দেবীকে বিদায় জানান কোয়েল। দেবীবরণের পর পান-সুপারি ও মিষ্টি দিয়ে বরণ এবং একে অপরের সিঁথি ও কপালে সিঁদুর ছোঁয়ানোর মধ্য দিয়ে সম্পন্ন হয় ঐতিহ্যবাহী রীতি।
কোয়েলের কাছে দুর্গাপূজা কেবল উৎসব নয়, শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকারও এক বিশেষ উপলক্ষ। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে পুজোর সময় কাটানো তার কাছে বরাবরই গুরুত্বপূর্ণ। এবারও মল্লিকবাড়ির দশমীতে সেই চেনা পারিবারিক আবহই ধরা পড়ল।