ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

পতিত স্বৈরাচার ও একটি রাজনৈতিক পক্ষ এক হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে দাবি করে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা একটি কথা বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। যারা এই স্লোগানে এবং এই নীতিতে বিশ্বাস করে না, তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। আপনারা দেখেছেন, দেশের কয়েকটি স্থানে কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।’

পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের বাইরে থেকে একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে যে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে তারা কাদের সাহায্যে করছে?’

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি পক্ষ দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা কথা বলে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করেছে তারা। এখন এই দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে, আরেকজন দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে। যাতে আর কেউ কোনো দিন দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, কেউ যাতে তা বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।

রাজশাহীর পানির সংকট সমাধানে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের দুটি বড় নদী—তিস্তা ও পদ্মায় আমরা ব্যারাজ তৈরি করব, যাতে পানির সমস্যা দূর করতে পারি। পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং যত দ্রুত সম্ভব পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজ শুরু করার চেষ্টা করা হবে। পদ্মা ব্যারাজ নির্মাণ হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতাল উন্নয়ন, খাল খনন এবং পদ্মা-তিস্তা ব্যারাজসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনাদের শক্তি হচ্ছে বিএনপি সরকারের শক্তি। আপনারা যদি মনে করেন পদ্মা ব্যারাজ তৈরি করতে হবে, তিস্তা ব্যারাজ প্রয়োজন, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, কৃষক কার্ড চালু করতে হবে, মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে হবে, উপজেলা হাসপাতাল তৈরি করতে হবে এবং খাল খনন কর্মসূচি এগিয়ে নিতে হবে—তাহলে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে রাখতে হবে।’

আবা/এসআর/২৬

অস্থিতিশীলতা,ষড়যন্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত