ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নেটফ্লিক্সে তিন ভাষায় মোশাররফ করিমের দুই সিরিজ

নেটফ্লিক্সে তিন ভাষায় মোশাররফ করিমের দুই সিরিজ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে শুরু। এরপর তিনি বাজিমাত করেছেন টিভি নাটক ও সিনেমাতেও। আধুনিক যুগের ওটিটিতেও তার চমক দেখেছেন দুই বাংলার দর্শক। বৈচিত্রময় সব চরিত্রে কাজ করে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও দেশে-বিদেশের অনেক স্বীকৃতি ও সম্মান।

সেই অভিনেতার কাজের পরিধি এবার আরও বিস্তৃত হলো। তার জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। হইচইয়ের জন্য নির্মিত সিরিজ দুটি নতুন করে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক এই ওটিটি প্ল্যাটফর্মে।

তবে নতুন সংস্করণে বদলে যাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’র নাম। হিন্দি সংস্করণে সিরিজটির নতুন নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপা’। সিরিজ দুটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।

সম্প্রতি নেটফ্লিক্স ও হইচইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর লক্ষ্য, হইচইয়ের জনপ্রিয় ও প্রশংসিত ওয়েব সিরিজ, নতুন প্রিমিয়ার এবং নির্বাচিত রিমেক ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে হইচইয়ের নতুন সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে। পাশাপাশি নির্বাচিত কিছু মৌলিক সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হবে।

এই চুক্তির আওতায় নেটফ্লিক্সে মুক্তির জন্য হইচইয়ের ১৪টি সিরিজের তালিকায় রয়েছে বাংলাদেশের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। ফলে দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া সিরিজ দুটি এবার আরও বড় পরিসরে ভারতীয় দর্শকদের সামনে আসছে।

নির্মাতা আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর’-এর গল্প ঢাকার একটি থানাকে ঘিরে। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। গভীর রাতে এক প্রভাবশালী ব্যক্তির ছেলে সড়ক দুর্ঘটনা ঘটানোর পর তাকে গ্রেফতার করা হলে থানায় শুরু হয় নানা নাটকীয়তা। রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিপরীতে ওসি হারুনের কৌশলী ভূমিকা নিয়েই এগিয়েছে গল্প।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ আরও অনেকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘মহানগর’-এর দুটি মৌসুম।

অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’র গল্প ট্রাকচালক আব্বাসকে ঘিরে। সাত জেলায় সাতটি বিয়ে করে সাত স্ত্রীকে পরস্পরের কাছ থেকে আড়াল রেখে সংসার চালায় সে। একপর্যায়ে এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে তাকেও বিয়ে করতে বাধ্য হয় আব্বাস। এরপরই তার সাজানো জীবনে শুরু হয় নতুন বিপত্তি।

আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনসহ অনেকে।গত মাসে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছিলেন, নতুন গল্প নিয়ে ফিরছে আব্বাস। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ। শিগগিরই ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং শুরু করতে চান তিনি।

এদিকে আগামী ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাওয়ার কথা চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিরিজটিও নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে।

দুই সিরিজ,মোশাররফ করিম,তিন ভাষা,নেটফ্লিক্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত