অনলাইন সংস্করণ
১১:৪১, ১১ নভেম্বর, ২০২৬
প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে তাদের। পাহাড়ে এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগোবে ছবির কাহিনি।
একটি পার্টিকে কেন্দ্র করে গল্পের সূত্রপাত। আনন্দ-উৎসবের মাঝে আচমকা একটি বার্তা বদলে দেবে গোটা পরিস্থিতি। তারপর শুরু হবে রহস্যের অনুসন্ধান। তদন্তের সঙ্গে সঙ্গে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের মধ্যে জমে থাকা ক্ষোভ।
ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’
জয়া আহসানের কাছেও ছবিটি বিশেষ। অভিনেত্রী বলেন,“অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। 'আরএসভিপি মার্ডার' একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।”
জয়া ও শ্রাবন্তীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরী।
‘শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সংগীত পরিচালনা করছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়।