ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি

বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি

কয়েক সপ্তাহ আগেও স্বামী মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবির ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। কিন্তু সেই হাসির ছবি প্রকাশের দুই সপ্তাহ না পেরোতেই হঠাৎ সংসার ভাঙার খবর দেন গায়িকা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার এক রাত না পেরোতেই সেই পোস্ট আর দেখা যাচ্ছে না ন্যান্সির ফেসবুক পেজে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকালে পোস্টটি মুছে ফেলেছেন গায়িকা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে বৃহস্পতিবার সকালে ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। সেখানে বারান্দায় থাকা বাগানবিলাস ফুলের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’ বিচ্ছেদের ঘোষণা মুছে ফেলার পর তার এই নতুন পোস্ট ঘিরেও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

বুধবার রাতে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ন্যান্সি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানান গায়িকা। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান।

এর আগে আরও দুই বিয়ে হয়েছিল ন্যান্সির। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন এই সংগীতশিল্পী। ২০২১ সালে সেই সংসারের বিচ্ছেদের খবর জানান তিনি।

এবার তৃতীয় সংসার নিয়েও বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর তা মুছে ফেলায় ন্যান্সির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পোস্ট সরিয়ে নেওয়ার পেছনের কারণ সম্পর্কে এখনো মুখ খোলেননি গায়িকা।

ন্যান্সি,মুছে,পোস্ট,ঘোষণা,বিচ্ছেদের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত