ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘আইপি টিভি ও অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনা হবে’

‘আইপি টিভি ও অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনা হবে’

দেশে বিদ্যমান আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলের প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে কেবল একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাঁদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য বলে প্রধানমন্ত্রী মনে করেন।

মন্ত্রণালয়ের গত ১৭ বছরের কাজের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি বিগত সময়ে কীভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ চালানো হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন থেকে সবকিছুই চলবে সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় এটিই প্রতিমন্ত্রীর প্রথম সফর। নান্দাইলে পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

আবা/এসআর/২৫

আইপি টিভি,অনলাইন পোর্টাল,নীতিমালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত