ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে টিভি-ফ্রিজ-এসির সুরক্ষায় করণীয়

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে টিভি-ফ্রিজ-এসির সুরক্ষায় করণীয়

বর্ষা মৌসুমে সাধারণত বেশি বেশি বজ্রপাত, বিদ্যুতের ওঠানামা এবং হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে থাকে। এর ফলে শুধু দৈনন্দিন জীবনই ব্যাহত হয় না, ঝুঁকিতে পড়ে বাড়ির টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, রাউটারসহ নানা ধরনের দামি ইলেকট্রনিক যন্ত্রপাতিও। সামান্য অসতর্কতায় কয়েক সেকেন্ডের মধ্যেই নষ্ট হতে পারে হাজার হাজার টাকার ডিভাইস।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে ভোল্টেজ সার্জ। বজ্রপাত বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আকস্মিক পরিবর্তনের কারণে মুহূর্তের জন্য অতিরিক্ত ভোল্টেজ তৈরি হয়। এই অতিরিক্ত বিদ্যুৎ সংবেদনশীল ইলেকট্রনিক সার্কিটে পৌঁছালে স্থায়ী ক্ষতি হতে পারে।

শুধু সুইচ অফ করলেই যথেষ্ট নয়

অনেকেই মনে করেন, রিমোট বা সুইচ দিয়ে টিভি কিংবা এসি বন্ধ করে রাখলেই নিরাপদ। কিন্তু প্রবল ঝড় বা বজ্রপাতের সময় এটি যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে সম্ভব হলে যন্ত্রটির প্লাগও সকেট থেকে খুলে রাখুন। এতে অতিরিক্ত বিদ্যুৎ সরাসরি যন্ত্রে প্রবেশ করতে পারে না এবং ক্ষতির আশঙ্কা অনেক কমে যায়।

এসি ও ফ্রিজে স্টেবিলাইজার ব্যবহার করুন

এসি ও ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কম্প্রেসর, যা ভোল্টেজের ওঠানামায় দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আপনার এলাকায় প্রায়ই বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে, তাহলে ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা উচিত। এটি নিরাপদ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে এবং যন্ত্রের আয়ু বাড়াতে সাহায্য করে।

সার্জ প্রোটেক্টর ব্যবহার করলে বাড়বে নিরাপত্তা

টিভি, ডেস্কটপ কম্পিউটার, গেমিং কনসোল কিংবা হোম থিয়েটারের মতো সংবেদনশীল যন্ত্র সাধারণ মাল্টিপ্লাগে না লাগিয়ে সার্জ প্রোটেক্টরযুক্ত পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন। এটি অতিরিক্ত ভোল্টেজ শোষণ করে যন্ত্রপাতিকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কম্পিউটার ও রাউটারের জন্য ইউপিএস কার্যকর

যারা বাসা থেকে কাজ করেন বা অনলাইনে পড়াশোনা করেন, তাদের জন্য ইউপিএস খুবই প্রয়োজনীয়। বিদ্যুৎ চলে গেলে এটি কিছু সময় ব্যাকআপ দেয়। একই সঙ্গে বিদ্যুতের ওঠানামা নিয়ন্ত্রণ করে কম্পিউটার, রাউটার এবং গুরুত্বপূর্ণ ডাটা সুরক্ষিত রাখে।

আবা/এসআর/২৬

বৃষ্টি,বজ্রপাত,টিভি-ফ্রিজ-এসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত