ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

টিকটকে ভ্রমণের গল্প, বদলে যাচ্ছে ঘোরার ধরন

টিকটকে ভ্রমণের গল্প, বদলে যাচ্ছে ঘোরার ধরন

পৃথিবীতে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যিনি ঘুরতে ভালোবাসেন না। বর্তমান সময়ে ভ্রমণ আর শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। নতুন কোনো জায়গা দেখা, সেখানকার মানুষ ও সংস্কৃতিকে জানা এবং সেই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াও ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ভ্রমণের সেই গল্প পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের কাছে।

বাংলাদেশেও তৈরি হচ্ছে নানা ধরনের ট্রাভেল কনটেন্ট। বর্তমান ব্যস্ত জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মতো প্ল্যাটফর্মে ট্রাভেল ভিডিও দেশের লাখো মানুষ দেখছেন। এসব ভিডিও দেখে অনেকে সেই জায়গাগুলোতে ভ্রমণের পরিকল্পনাও করছেন।

ক্রিয়েটর বাদশা ভ্রমণের গল্প বলার ক্ষেত্রে সিনেমাটিক দৃশ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ক্যামেরাই যেন হয়ে ওঠে তার গল্প বলার প্রধান মাধ্যম। পাহাড়, ঝর্ণা, রাস্তা, ব্যস্ত বাজার অথবা কোনো গ্রামের মানুষের দৈনন্দিন জীবন—এসবের মধ্য দিয়েই তিনি গল্প তৈরি করার চেষ্টা করেন। তার ভিডিও দেখলে মনে হতে পারে, দর্শকও যেন সেই পথ ধরে হাঁটছেন।

বাদশার কাজের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো স্থানীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ। কোনো জায়গার শুধু দর্শনীয় স্থান দেখানোর পরিবর্তে সেখানকার মানুষ, জীবনযাপন ও সংস্কৃতিকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরেন তিনি।

ক্রিয়েটর রাফির ভ্রমণ ভিডিওর ধরন কিছুটা আলাদা। তিনি শুধু কোথায় গেছেন, সেটি দেখিয়েই থেমে থাকেন না; কীভাবে সেখানে যেতে হবে, কোথায় থাকা যায় এবং কীভাবে পুরো যাত্রাটি পরিকল্পনা করা যায়—এসব বিষয়ও বিস্তারিতভাবে তুলে ধরেন। তার ভিডিওতে থাকে যাত্রাপথের বর্ণনা ও প্রয়োজনীয় নির্দেশনা। একজন নতুন ভ্রমণকারী কোনো জায়গায় যেতে চাইলে তার ভিডিও থেকে প্রাথমিক ধারণা পেতে পারেন। ভ্রমণের সম্ভাব্য খরচও তিনি আলাদা করে তুলে ধরেন।

ক্রিয়েটর আফিফ সাগরের ভ্রমণ ভিডিও আবার অন্য ধরনের অনুভূতি তৈরি করে। কোনো সুন্দর জায়গায় গিয়ে তিনি শুধু সেই জায়গার দৃশ্য দেখান না; বরং সেই পরিবেশকে ঘিরে নিজের ভাবনাও প্রকাশ করেন। প্রকৃতির কোনো নির্জন দৃশ্য, পাহাড়ের পথ, নদী কিংবা সবুজে ঘেরা কোনো স্থান তার ভিডিওতে শুধু একটি পর্যটনস্থল হিসেবে উঠে আসে না। দারুণ সব দৃশ্যের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে তিনি এমন এক আবহ তৈরি করেন, যা দর্শককে কিছু সময়ের জন্য সেই জায়গায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণবিষয়ক ভিডিওর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ক্রিয়েটরদের কাজও নতুন প্রজন্মের ভ্রমণ ভাবনায় প্রভাব ফেলছে। টিকটকে তাদের ভিডিও দেখে কেউ হয়তো নতুন কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, কেউ ভ্রমণের বাজেট হিসাব করছেন, আবার কেউ নিজের দেশের অজানা সৌন্দর্য নতুন করে আবিষ্কার করছেন।

ঘোরার ধরন,বদলে যাচ্ছে,ভ্রমণের গল্প,টিকটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত