
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভনে তাকে যৌনপল্লীতে নিয়ে বিক্রি করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মণ্ডলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করে ওই কিশোরী।
এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করে। দৌড়ে পালিয়ে কিশোরী দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে উপস্থিত লোকজনের কাছে সে তার ওপর নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ তুলে ধরে।
এসময় কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার কথা বলে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লীতে নিয়ে আসেন।
পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। গত সোমবার সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে এসে দোকানটিতে আশ্রয় নেয়। ওই কিশোরী আরও জানায়, নারী পাচারকারী চক্রের এক নারী তাকে ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান।