
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২নং-বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। গত ৯ নভেম্বর সকালে চতুর্থ শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম (৪০) মেয়েটির হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং বিদ্যালয় এর পুরাতন একটি ভবনে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এক পর্যায়ে মেয়েটি অন্যদের কাছে বলে দিবে বললে তাকে ছেড়ে দেয় এবং ভুক্তভোগী মেয়েটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষযটি জানান। এবং অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার তিনি জানান- জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছেন ।