ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

গ্রিসের উপকূলে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। উত্তর আফ্রিকা থেকে যাত্রা করা একটি রাবারের নৌকায় থাকা অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন সমুদ্রে ৬ দিন ভেসে থাকার পর বেঁচে ফেরা ব্যক্তিরা।

গ্রিক কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে।

পরে জানা যায়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে আহত দুইজনকে ক্রিটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেঁচে ফেরা ব্যক্তিদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত এই পথেই তারা রওনা হয়েছিল। তবে যাত্রাপথে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং যাত্রীরা টানা ছয় দিন খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভেসে থাকেন।

এই সময়ের মধ্যে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ একজন পাচারকারীর নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জীবিতরা।

ঘটনার পর গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর। তাদের মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে এবং অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলার কারণে হত্যার অভিযোগে তদন্ত চলছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, যাত্রাপথে নৌকাটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। খাবার ও পানির অভাবের পাশাপাশি চরম ক্লান্তিই ২২ জনের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্যে উঠে এসেছে, আটক দুই পাচারকারীর নির্দেশেই মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এদিকে চলতি বছরের শুরু থেকেই ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের ২৮৭ জনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এর আগে গত ডিসেম্বরে ক্রিটের দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবন্ত একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং আরও ১৫ জন ডুবে মারা যাওয়ার কথা জানায় গ্রিক কর্তৃপক্ষ। অনেকের মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার ২১ বাংলাদেশি,২২ অভিবাসীর মৃত্যু,নৌকাডুবি,গ্রিস উপকূল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত