অনলাইন সংস্করণ
১৪:৩০, ২৪ জুন, ২০২৬
ক্ষেপণাস্ত্র কর্মসূচি না থাকলে ইরানের পরিণতিও গাজার মতোই হতো বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করবে না তেহরান।
পাকিস্তান সফরকালে পেজেশকিয়ান এই মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিরক্ষার জন্য যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেগুলো যদি না থাকত—তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকেও তছনছ করে দিত। তারা বৃদ্ধ বা তরুণ, কারও প্রতিই কোনো দয়া দেখাতো না।
তিনি আরও যোগ করেন, কোনো পরিস্থিতিতেই এবং কারও সাথেই ইরান তাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কখনো কোনো সমঝোতা বা আপস করবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে এক সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান।
রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। যার মধ্যে ছিলেন---পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। এ সময় ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দামও সেখানে উপস্থিত ছিলেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিজ দেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আগে থেকেই উপস্থিত ছিলেন।