
একটি শিশুর হাসি একটি পরিবারের সবচেয়ে বড় আনন্দ। অথচ প্রতিরোধযোগ্য একটি রোগ হামের কারণে যখন একের পর এক পরিবার সন্তান হারানোর বেদনা বহন করে, তখন প্রশ্ন উঠতেই পারে, এই পরিস্থিতি কি এড়ানো যেত না?
হাম কোনো নতুন রোগ নয়। দীর্ঘদিন ধরেই টিকার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কিন্তু চলতি বছর দেশে হামের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে আবারও সামনে এনেছে। কয়েক মাসের ব্যবধানে বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। অনেক শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া হলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব ছিল।
বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় টিকার কভারেজ কমে গেলে ঝুঁকি তৈরি হয়। সঠিক সময়ে যদি হামের টিকা শিশুদেরকে না দেয়া হয় তখন ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এ ক্ষেত্রে টিকাদান কর্মসূচির সীমাবদ্ধতা, সময়মতো টিকা না দেওয়া এবং পর্যাপ্ত প্রচারের অভাব বড় কারণ হিসেবে সামনে এসেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিকা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতার ঘাটতি রয়েছে। অনেক অভিভাবক জানেনই না কখন, কীভাবে এবং কেন সন্তানকে টিকা দিতে হবে। বয়সভিত্তিক টিকা দেওয়ার নিয়মে পরিবর্তন হলে তা সাধারণ মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন ছিল। কিন্তু কার্যকর প্রচারণার অভাবে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
জনস্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তুতি ও সমন্বয়। কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগেই প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হয়। টিকা সংগ্রহ, বিতরণ, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি থাকলে তার মূল্য দিতে হয় সাধারণ মানুষকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, হামের এই পরিস্থিতি শুধু একটি রোগের বিস্তার নয়, এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি বড় পরীক্ষা। শুধু আক্রান্তের সংখ্যা কমানোই লক্ষ্য হওয়া উচিত হবে না এর সাথে সাথে কোথায় দুর্বলতা ছিল, কেন সময়মতো ব্যবস্থা নেওয়া গেল না, সেসব বিষয়ও খতিয়ে দেখা জরুরি।
জনস্বাস্থ্য খাতে আস্থা ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন কোনো পরিবারকে প্রতিরোধযোগ্য রোগে সন্তান হারানোর মতো বেদনা বহন করতে না হয়, সে জন্য এখন থেকেই আরও কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।
সাম্প্রতিক প্রতিদিনই হাম পরিস্থিতিতে শিশু মারা যাচ্ছে। এসকল মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। তাই হামের এই প্রাদুর্ভাব আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা, জনস্বাস্থ্যের অবহেলার মূল্য যেন আর কোনো পরিবারকে দিতে না হয়।
রাকিব হোসেন মিলন
লেখক ও সাংবাদিক