ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি পোস্ট করে জানান, বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি আনন্দিত এবং এটি ছিল একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।

রাষ্ট্রদূত হিসেবে ভূমিকায় তিনি যে অবদান রেখেছেন, সে জন্য হামিদুল্লাহ-কে অভিনন্দনও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে একই বৈঠকের ছবি পোস্ট করে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ লেখেন, ‘রাষ্ট্রদূত হিসেবে ১৮ মাসের কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি – যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।’

কূটনীতির ‘চিরাচরিত পথে না হেঁটে’ দুদেশের মানুষের মধ্যেকার নাড়ির টানকেই স্পর্শ করতে চেয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দিল্লিতে ১৮ মাস দায়িত্ব পালত শেষে রিয়াজ হামিদুল্লাহ জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। দিল্লিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সম্প্রতি তার নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।

এদিকে গত দু’বছরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তা কার্যত নজিরবিহীন। বিশেষ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্ক তলানিতে ঠেকে।

এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এই সফর আয়োজনের ব্যাপারে এখনো দুই সরকারের মধ্যে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে।

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছেন, রোববার ছুটির দিন দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার বৈঠক ছিল ‘বিদায়ী সৌজন্য সাক্ষাতের অতিরিক্ত কিছু’ – কারণ সম্পর্কের জটিলতার নানা দিক নিয়েও দু’পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে।

বৈঠক,বাংলাদেশের রাষ্ট্রদূত,জয়শঙ্কর,দিল্লি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত