
সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ৩ নং চায়না বাঁধ এলাকায় কাশবনে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে দর্শনার্থীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোন অপরাধে জড়িত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে প্রায় দিনভর বিভিন্ন শ্রেণির দর্শনার্থীদের সমাগম ঘটে। এতে বিশেষ পড়ন্ত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওই বাঁধ এলাকা ও কাশবনে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটে থাকে।
এছাড়াও দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে উল্লেখিত স্থানে গিয়ে নানান রকমের আড্ডা দেয়। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিক নির্দেশনায় রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে কাশবনের ভিতরে বেশ কয়েকটি মটোরসাইকেল আটক করা হয়েছে এবং অনেক দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর যেন আড্ডার নামে বিশেষ করে শিক্ষার্থীদের এ এলাকায় অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।