ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ডিআরইউ মিডিয়া ক্রিকেটে বিটিভিকে হারালো আলোকিত বাংলাদেশ

ডিআরইউ মিডিয়া ক্রিকেটে বিটিভিকে হারালো আলোকিত বাংলাদেশ

ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এ শুভ সূচনা করেছে দৈনিক আলোকিত বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ টেলিভিশনকে ৬ রানে হারিয়েছে আলোকিত বাংলাদেশ।

ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩৬ রান করেছেন বিজয়ী দলের আরাফাত দাড়িয়া। ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

উক্ত খেলায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আলোকিত বাংলাদেশের অধিনায়ক ডি এম আমিরুল ইসলাম অমর। শুরুটা মোটেও ভাল হয়নি দলের। বিটিভির বোলারদের মোকাবিলা করতে হিমসিম খাচ্ছিলেন দুই ওপেনার আরাফাত দাড়িয়া ও আরিফুল ইসলাম। মাত্র ছয় রানে আউট হন আরিফুল ইসলাম।

এরপর ব্যাট হাতে নামেন অধিনায়ক ডি এম অমর। এরপরই রান তোলার গতি বাড়ে এবং দাড়িয়া নিজেকে ফিরে পান। তাদের দুইজনের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে আলোকিত বাংলাদেশ। ছয় ওভারে ১ উইকেটে তাদের পূঁজি দাঁড়ায় ৭৭ রানে। আরাফাত দাড়িয়া ৩৬ এবং ডি এম অমর ২৩ রান করে অপরাজিত থাকেন।

৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বিটিভি। তবে আলোকিত বাংলাদেশের মাহবুবুর রহমান মাসুম বল হাতে ব্যাটারদের ওপর চাপ তৈরি করেন। রান তোলার গতি কমে যায় এবং এক পর্যায়ে রায়হান আল মুঘনি ২১ রান করে অবসর নেন। হার্ড হিটার রবিকে নামিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করা হলেও সেটি কাজে আসে না।

আলোকিত বাংলাদেশের ফারুক আলম দুর্দান্ত বোলিং করে রবিকে মাত্র চার রানে ফিরিয়ে দেন। তখনই জয় নিশ্চিত হয় আলোকিত বাংলাদেশের।

শেষ তিন বলে জয়ের জন্য বিটিভির প্রয়োজন ছিল ১১ রান, তারা তুলতে পারে মাত্র পাঁচ রান, এবং ছয় রানের জয় নিশ্চিত হয় আলোকিত বাংলাদেশের। বিজয়ী দলের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন ফারুক আলম।

খেলা শেষে আলোকিত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আরাফাত দাড়িয়ার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

এসময় ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোকিত বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রেজাই রাব্বী এবং ম্যানেজার ছিলেন জাফিউল ইসলাম।

আলোকিত বাংলাদেশ,বিটিভিকে হারালো,ডিআরইউ মিডিয়া ক্রিকেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত