অনলাইন সংস্করণ
১৩:১৪, ২৩ জানুয়ারি, ২০২৬
সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমতের প্রবাহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।
শফিকুল আলম বলেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না; নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না জানিয়ে রেখেছে, যদিও ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। প্রেস সচিব ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বানও জানান।
মাজার পরিদর্শন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল লোক।