অনলাইন সংস্করণ
২০:৫৬, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মব ভায়োলেন্স বলে কিছু নেই, পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। প্রতিনিয়তই অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। সহিংসতার কোন শঙ্কা নেই। এ ছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যদি কোন জনপ্রতিনিধি অশোভন আচরণ করে তাহলে ফলাও করে প্রচার করুন, সোজা হয়ে যাবে। বেশি করলে পাশে জেলখানা দেখিয়ে বলেন সেখানে চলে যাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে দুই দিন, মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। ফলে নির্বাচনের পরেও কোনো সহিংসতার সুযোগ নেই। সন্দেহভাজন বিশৃঙ্খলাকারীদের ধরে ডিটেনশন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা । তিনি আশ্বস্ত করেছেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর। তিনি বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।