অনলাইন সংস্করণ
১৭:০১, ২২ মার্চ, ২০২৬
দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।
রোববার (২২ মার্চ) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া লাশ বাড়িতে পৌঁছানোর জন্য মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে, মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।
উল্লেখ্য, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন।