
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে মোট ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পগুলোর ধরন অনুযায়ী রয়েছে নতুন ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বাড়ানো ৬টি প্রকল্প। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প সরাসরি বৈঠকে উত্থাপন করা হবে।
উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক হল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি, যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যাচাই, অনুমোদন ও তদারকি, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান এবং নীতি প্রণয়নের দায়িত্ব পালন করে।