
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশে ছেড়ে যাওয়া খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনাস্থলেই একজন মারা যান।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।