ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে রামেকে শিশুমৃত্যু বেড়ে ৫০, বাড়ছে উদ্বেগ

হামের উপসর্গ নিয়ে রামেকে শিশুমৃত্যু বেড়ে ৫০, বাড়ছে উদ্বেগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে ২৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক সপ্তাহের চিত্রেও প্রতিদিনই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চারজন, বুধবার তিনজন, মঙ্গলবার একজন, সোমবার দুইজন, রোববার দুইজন, শনিবার তিনজন এবং শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের বেশিরভাগই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেরি হলে জটিলতা বাড়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বাড়ছে উদ্বেগ,শিশুমৃত্যু বেড়ে ৫০,রামেক,হামের উপসর্গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত