
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিতুলিয়া গ্রামের ঘাস ক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার দুপুরে ওই গ্রামের ঘাস ক্ষেতে কাজ করতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।
বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তার পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল। ধারণা করা হচ্ছে, ওই কিশোর একজন মাদ্রাসার ছাত্র। ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে এবং তার লাশ ওই ঘাস ক্ষেতে ফেলে রেখে যায়।
নিহত ওই কিশোরের পরিচয় এখনও জানা যায়নি। তবে এ নির্মম হত্যাকাণ্ডে বিশেষ তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।