ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রেলওয়ের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ১

রেলওয়ের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ১

চাঁদপুর শহরে অবস্থিত রেলওয়ের কোর্ট স্টেশনের রেলের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা অডিট চলাকালীন গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেওয়ায় আলাউদ্দিন নামে একজন অস্থায়ী কর্মচারীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে চট্টগ্রাম থেকে আগত রেলের অডিট টিম চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তা নিয়ে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে এসে অফিস কক্ষে অডিট কার্যক্রম শুরু করেন।

এ সময় অডিট টিমের নেতৃত্বে ছিলেন টিআইএ (লাকসাম) মঞ্জুরুল আহসান।

অডিট চলাকালীন তিনি চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকার হিসাবে গরমিল পান।

চাঁদপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্ম অফিস কক্ষে অডিট টিম হিসাব-নিকাশে গরমিল পায়। প্রায় আড়াই মাসের হিসাবে ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা ব্যাংকে জমা না দিয়ে নকল বিল তৈরি করে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন টিএলআর (অস্থায়ী) আলাউদ্দিন।

এসময় আটক টিএলআর (অস্থায়ী) আলাউদ্দিনের পিতা জানান, আমার ছেলে কোনো টাকা আত্মসাৎ করেনি। আমার ছেলে এখানে দেড় বছর ধরে কাজ করছে। টাকা আত্মসাৎ করলে এখানে যে টিকেট মাস্টারের দায়িত্বে রয়েছে, সেই কর্মকর্তা হাবিবই করেছে। এখন সে আমার ছেলের ওপর সব দোষ চাপিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, এই টাকা ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব স্টেশন মাস্টারের। অথচ আমার ছেলেকে ফাঁসানোর জন্য সব দায়ভার তার ওপর চাপানো হচ্ছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর বলেন, কোর্ট স্টেশনের টিকেট বিক্রির সরকারি টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেওয়ায় আমরা একজনকে আটক করেছি।

স্টেশন মাস্টার হাবিবুর রহমান এ বিষয়ে একটি এজাহার দায়েরের প্রস্তুতি নিয়েছেন। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক ১,আত্মসাৎ,সাড়ে ৭ লাখ টাকা,রেলওয়ের টিকেট বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত