অনলাইন সংস্করণ
১৬:৪৪, ৩০ এপ্রিল, ২০২৬
বিগত সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য মো. আনোয়ারুল ইসলাম-এর প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান।
আইনমন্ত্রী জানান, দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা রয়েছে।
এর মধ্যে ইতোমধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে। এসব মামলার মধ্যে ৪৮টি হত্যা এবং ১১০টি অন্যান্য মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং সেগুলোর বিচার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান। বিপুলসংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত তদন্ত শেষ করার লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া মেনে তদন্ত পরিচালনা করা হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জামিন দেওয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।
তিনি আরও বলেন, বিগত সময়ের নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হত্যা, গুম, নির্যাতনসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।