অনলাইন সংস্করণ
২০:১২, ৩০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত গেজেটে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। গেজেটটি প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
গেজেট অনুযায়ী, বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে, বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করেন। পরে তাদের নাম কমিশনে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবীবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও আন্না মিনুজ।
এছাড়া একই জোট থেকে আরও নির্বাচিত হয়েছেন সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
অন্যদিকে জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি হয় ২৭ ও ২৮ এপ্রিল।
২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় এবং শূন্য পদের সমসংখ্যক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।