অনলাইন সংস্করণ
১৬:৫৩, ২৩ মে, ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের ৬৪ জেলার মোট ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারী এ উপহার পেয়েছেন।
শনিবার (২৩ মে) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আনসার-ভিডিপি সূত্র জানায়, সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের রান্নার মসলা।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। এখন পেছনে ফিরে তাকানোর সময় নয়, বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ জন্য প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপমহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সৌহার্দ্য, প্রেরণা ও কর্মউদ্দীপনা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।