
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে আগামীকাল বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা।
শিক্ষার্থী প্রতিনিধি হাজারীবাগ সরকারি কলেজ শিক্ষার্থী ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, আজকের মতো আমরা আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আগামীকাল বুধবার আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামীকাল পরীক্ষা স্থগিত ও রুটিন পুনরায় নির্ধারণসহ লংমার্চ কর্মসূচি পালন করব। এক্ষেত্রে প্রথমে আমরা শিক্ষাবোর্ড ঘেরাও করব। তারপর আবার সংসদ ভবনের সামনে আসব। বিস্তারিত আলোচনা করে রাতের মধ্যে আপানাদের (সাংবাদিক) জানানো হবে।
মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী-পুলিশ ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।
আবা/এসআর/২৬