ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

ভারতীয় পাসপোর্টধারী এক নারী যাত্রীকে বাংলাদেশি নাগরিক সন্দেহ করে দুই দিন নোম্যান্সল্যান্ডে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী লিপিকা পাল (৪৩) ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইউ-২৬২২০৭৪।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, লিপিকা পাল গত ১৫ জুন বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে আসেন।

প্রায় ২৭ দিন আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান শেষে গত ১২ জুলাই নিজ দেশে ফেরার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে পৌঁছান। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে দুপুর দেড়টার দিকে তিনি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে যান।

সেখানে পাসপোর্ট যাচাইয়ের সময় দায়িত্বরত কর্মকর্তা তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ প্রকাশ করেন। ভারতীয় পাসপোর্ট ও ভিসা কীভাবে পেয়েছেন, এ বিষয়ে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ রয়েছে, দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত তাকে ইমিগ্রেশন অফিসে বসিয়ে রাখা হয়।

পরে রাতের দিকে তাকে ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের প্যারেড গ্যালারিতে রাখা হয়। ঝড়-বৃষ্টির মধ্যেই তাকে সেখানে রাত কাটাতে হয় বলে জানা গেছে।

পরদিন ১৩ জুলাইও বিষয়টির কোনো সমাধান না হওয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, “গত রোববার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আমাদের জানায়, এক বাংলাদেশি নারী ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। তারা ওই নারীকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করে। তবে আমরা জানাই, তিনি ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং নিয়ম মেনেই নিজ দেশে ফিরছেন। তাকে ফেরত নেওয়ার কোনো আইনগত এখতিয়ার আমাদের নেই।”

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটকে রাখার অভিযোগ,নোম্যান্সল্যান্ড,বাংলাদেশি সন্দেহ,ভারতীয় নারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত