ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাজেটের সফল বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

বাজেটের সফল বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য কার্যকর বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি ভালো বাজেট প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও এর প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হবে, যখন নির্ধারিত লক্ষ্য ও কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়িত হবে।

এ জন্য অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অর্থমন্ত্রী বলেন, গত দেড় থেকে দুই মাসের নিবিড় পরিশ্রমের মাধ্যমে প্রণীত বাজেটটি সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন অংশীজনের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে।

তবে বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে এর বাস্তবায়নের মাধ্যমে। তিনি বলেন, ‘বাজেটের সফল বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থ বিভাগের সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব।’ আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে।

গত চার মাসের অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো জটিল সমস্যা ও বাধা অতিক্রম করা সম্ভব। তিনি কর্মকর্তাদের প্রচলিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে নতুন বাস্তবতা ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরনো কর্মপদ্ধতিতে আটকে থাকলে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়। তাই উদ্ভাবনী চিন্তা-ভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনতে হবে।

বাজেট,অর্থমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত