
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেছেন, শিশুদেরকে পুথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষাও দিতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাটাই একজন শিক্ষার্থী আজীবন লালন করে বলে তিনি জানান।
তিনি বলেন, সরকার যে ২৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে, তা বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
জেলা প্রশাসক পরিবেশ সুরক্ষা ও আমাদের বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব তুলে ধরেন। দেবহাটায় সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান।
সুশীলন দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
এছাড়া বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।