ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট

গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট

বাংলাদেশের একমাত্র বেসরকারি এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠান সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হয়।

শুক্রবার সন্ধ্যায় সামিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধীরে ধীরে গ্যাস সরবরাহের পরিমাণ বাড়ানো হচ্ছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার মধ্যে টার্মিনালটি তার পূর্ণ সক্ষমতায় অর্থাৎ দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সরবরাহ শুরু হওয়ায় শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ অন্যান্য খাতের গ্রাহকদের গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এটি দেশের চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর পাশাপাশি সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে বড় ভূমিকা রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টার্মিনাল এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে সামিট প্রতিশ্রুতিবদ্ধ।

সামিট এলএনজি জানিয়েছে, শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখবে তারা।

আবা/এসআর/২৬

গ্যাস,সরবরাহ,সামিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত