অনলাইন সংস্করণ
১৪:৪৩, ২০ আগস্ট, ২০২৬
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
বিদায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায় নেওয়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন তিনি।
প্রকাশিত একটি ভিডিওতে অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়।
এদিকে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে অলি আহমেদের নাম রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।