অনলাইন সংস্করণ
১৪:৫২, ২৯ আগস্ট, ২০২৬
নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শনিবার (২৯ আগস্ট) বগুড়া-২ নিজ আসনের নতুন উপজেলার নেতাকর্মীদের নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'চলতি অর্থ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে। তফসিল ঘোষণা, পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন নির্বাচন আগে বা পরে হবে তা অর্থ বিভাগ ও স্থানীত সরকার বিভাগ একসাথে বসে সিদ্ধান্ত নেবে। সাধারণ প্রতীকে নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলো নিজ প্রার্থীদের সমর্থন দেবে।'
এক্ষেত্রে বিএনপি বিগত ১৭ বছর সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেবে বলে জানান শাহে আলম। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারি দল কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বলেও আশ্বাস দেন তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধীদলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, 'বিরোধীদলের কর্মসূচি মোকাবিলা করার কিছু নাই। সস্তা জনপ্রিয়তার জন্য জনগণকে বিভ্রান্ত করবেন না।'
এদিকে অটোরিকশা সংক্রান্ত বিধিমালা আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।