
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ভোররাতে নিজ বসতঘরের বারান্দার কক্ষে ঘুমন্ত মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ও তার মাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার সৎ মাকে জানালে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তিনি ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতা মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।