ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি আজ

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি আজ

ছয় দফা দাবিতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ এই কর্মসূচি শেষ হবে।

লংমার্চকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে শাপলা চত্বরে সমাবেশের মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

ছয় দফা দাবিগুলো হলো— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সকাল ৮টার মধ্যে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা করবে। লংমার্চে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উৎখাতের জন্য এ কর্মসূচি নয়। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং লংমার্চও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে।

লংমার্চে শুরুতে পাঁচ-ছয় হাজার গাড়ি নেওয়ার পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে তা কমিয়ে প্রায় এক হাজার গাড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চে গাড়িবহর সড়কের একটি লাইন ধরে চলবে, যাতে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের ভোগান্তি না হয় এবং কোনো অ্যাম্বুলেন্স আটকে না পড়ে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

জোটের পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে জমায়েত ও উদ্বোধনী বক্তব্যের পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা থেকে বের হওয়ার পর সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় প্রথম পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে নির্ধারিত স্থানে সমাবেশ ও খাবারের বিরতি হবে।

বেলা ৩টার দিকে ফেনীর মহিপাল এবং বিকেল ৫টার দিকে মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। এরপর রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছে লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

লংমার্চে কোনো ধরনের হামলা বা বাধা দেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, যত বাধাই আসুক, লংমার্চ ঠেকানো যাবে না এবং জনগণই সেখানে প্রতিরোধ গড়ে তুলবে।

চট্টগ্রামেও লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও গণরায় কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

আবা/এসআর/২৬

লংমার্চ কর্মসূচি,জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত