ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আয়োজনে ঈশ্বরদীতে জন্মাষ্টমী পালিত

মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আয়োজনে ঈশ্বরদীতে জন্মাষ্টমী পালিত

পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী অংশ নেন। এ সময় ভক্তরা ঢাক-ঢোল ও কাঁসার তালে তালে শ্রীকৃষ্ণের বন্দনা ও কীর্তন পরিবেশন করেন। পাশাপাশি নানা সাজে সজ্জিত হয়ে মহাবতার শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার নাট্যরূপও প্রদর্শন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কর্মকারপাড়া মাতৃমন্দিরে গিয়ে শেষ হয়। পরে গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন কর্মকার।

এ সময় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি সত্যনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি আশুতোষ পাল, পৌর সভাপতি গোবিন্দ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হিন্দু পুরাণমতে, দ্বাপর যুগে অধর্মের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। সনাতন ধর্মাবলম্বীরা দিনটিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী হিসেবে পালন করেন।

জন্মাষ্টমী পালিত,ঈশ্বরদী,ধর্মীয় আয়োজন,মঙ্গল শোভাযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত