ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়।

আবা/এসআর/২৬

রাজধানী,ককটেল,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত